× Banner

বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়দের মধ্যে কাউন্সিলর

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে কাউন্সিলর হিসেবে যোগ দেবেন বঙ্গবন্ধু পরিবারের ৫ সদস্যসহ অন্তত ২২ জন আত্মীয়-স্বজন। তাদের মধ্যে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের স্বামী খন্দকার মাশরুর হোসেন মিতু।

আগামী ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম সন্মেলন।

রাজনৈতিক দলগুলোর সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা থাকে কাউন্সিলরদের হাতেই। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী কমিটি হবে বলেও এরইমধ্যে জানিয়ে দিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের শ্বশুর এবং স্থানীয় সরকারমন্ত্রী ও ফরিদপুর-৩ আসনের এমপি খন্দকার মোশাররফ হোসেন একজন কাউন্সিলর। পুতুলের ননদের স্বামী ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না কাউন্সিলর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার বড় বোনের নাতনি এবং জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ আসনের এমপি মাহবুব আরা গিনিও কাউন্সিলর।

বঙ্গবন্ধু পরিবারের আরেক আত্মীয় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। তার স্ত্রী প্রয়াত আইভী রহমান শেখ রেহানার খালা শাশুড়ি। জিল্লুর রহমান ও আইভী রহমানের সন্তান এবং ভৈরব-কুলিয়ারচর আসনের এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও কাউন্সিলর।

বঙ্গবন্ধুর বোন আছিয়া বেগমের দুই ছেলে প্রয়াত শেখ ফজলুল হক মণি ও শেখ ফজলুল করিম সেলিম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ সেলিম কাউন্সিলর। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ছেলে ও ঢাকা-১০ আসনের এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও কাউন্সিলর।

বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরের ছেলে বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল কাউন্সিলর। শেখ মণি ও শেখ সেলিমের ছোট বোনের জামাই ওমর ফারুক চৌধুরীও সম্মেলনে থাকবেন কাউন্সিলর হিসেবে। আর শেখ সেলিমের ভায়রা ও জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদও কাউন্সিলর।

বঙ্গবন্ধুর বড় বোনের ছেলে এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আবদুল্লাহ কাউন্সিলর। হাসানাত আবদুল্লাহর ছোট বোনের দেবর এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুব উল আলম হানিফও কাউন্সিলর। তার বড় ভাই রাশিদুল হক, তিনি আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সদস্য এবং এই পদাধিকার বলে কাউন্সিলর। আবার হাসানাত আবদুল্লাহর সম্পর্কে চাচাতো ভাই এবং আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি কাউন্সিলর। বঙ্গবন্ধুর আরেক ভাগিনা ও মাদারীপুরের সাবেক এমপি প্রয়াত ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে এবং সাবেক হুইপ ও মাদারীপুর-১ আসনের এমপি নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী) কাউন্সিলর। বঙ্গবন্ধুর আরেক ভাগিনা এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিমও কাউন্সিলর।

এছাড়া সম্পর্কে বঙ্গবন্ধুর ভগ্নিপতি এবং আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য, মন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমুও একজন কাউন্সিলর।

এদিকে, প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির নাম ইতোমধ্যে কাউন্সিলর তালিকা থেকে নাম দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..