পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ, মিনার পথে লাখো মুসল্লি

মক্কা: চলতি বছরের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ রোববার (২৪ মে) থেকে শুরু হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এবারের হজে অংশ নিচ্ছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে ইতোমধ্যে মক্কা ও মিনা প্রান্তর মুখর হয়ে উঠেছে।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এশার নামাজ আদায়ের পর লাখো হাজি মক্কা থেকে ‘তাঁবুর শহর’ হিসেবে পরিচিত মিনা প্রান্তরের উদ্দেশে রওনা হবেন। স্থানীয় সময় ৭ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরা মিনা, আরাফাত ও মুজদালিফায় অবস্থান করবেন।

আগামী মঙ্গলবার (২৬ মে) মক্কার ঐতিহাসিক আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে পবিত্র হজের মূল খুতবা ও সমাবেশ, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচিত।

এদিকে, নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে হজ কার্যক্রম সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসসহ বিভিন্ন দেশের হজ মিশন হাজিদের সেবায় সার্বক্ষণিক কাজ করছে। মিনায় হাজিদের যাতায়াত, আবাসন ও প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইসলামী বিধান অনুযায়ী, মিনায় পৌঁছানোর মধ্য দিয়েই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। হজের পাঁচ দিনের প্রথম দিন মিনায় অবস্থান করে ইবাদত-বন্দেগিতে সময় কাটানো সুন্নত। এ সময় হাজিরা হজের নিয়তে ইহরাম পরিধান করে মিনায় পৌঁছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপন করেন।

মিনায় অবস্থানের পুরো সময়জুড়ে হাজিরা তালবিয়া, জিকির ও পবিত্র কোরআন তিলাওয়াতে মশগুল থাকেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা মিনা প্রান্তর, যেখানে পৃথিবীর বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মুসলমান একত্রিত হয়ে পালন করেন ইসলামের অন্যতম প্রধান এই ইবাদত।

মিনায় অবস্থানের পর ৯ জিলহজ হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। পরে মুজদালিফায় রাতযাপন, জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনের মতো ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করবেন তারা। ১২ জিলহজ জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।