দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, গত ১৭ বছরে দেশে যা হয়েছে, তার পুনরাবৃত্তি যেন আর না হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার সকল দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আসে, তখন আপনাদের হার্ডলাইনে যেতে হবে। আইনশৃঙ্খলার ব্যাপারে প্রধানমন্ত্রীও হার্ডলাইনে আছেন। আপনাদের দলমত দেখার দরকার নেই। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে; তা দেখার প্রয়োজন নেই। কেউ যদি দোষী হয়, তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমি শক্তভাবে আপনাদের বলছি, আপনারা দলমত দেখবেন না। আপনারা যদি দুর্নীতি নির্মূল করতে চান, আইনশৃঙ্খলার অবস্থা ভালো করতে চান, তাহলে আপনাদের নিরপেক্ষ জায়গায় থেকে সবাইকে সমান চোখে দেখে ব্যবস্থা নিতে হবে। সরকারের পক্ষ থেকে এবং সকল সংসদ সদস্যের পক্ষ থেকে আপনারা সহযোগিতা পাবেন। আপনারা নিরপেক্ষভাবে যে দোষী, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে, বাংলাদেশে আমরা তার আর পুনরাবৃত্তি দেখতে চাই না।
এর আগে সরকারের ইশতেহার বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেয়া ইশতেহার আমরা অত্যন্ত গুরুত্বসহকারে বাস্তবায়ন করতে চাই। রমজান মাস শুরু হয়েছে, সবার আগে দলমত নির্বিশেষে সকলে রোজা ও শেষে ঈদ পালন করবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে। কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। তবে সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এছাড়া আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।