এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রবল বর্ষণ ও উজান থেকে ধেয়ে আসা বন্যার পানিতে তালা উপজেলার অধিকাংশ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে বীজতলা সহ রোপা আমন ও শাক সবজি ক্ষেত, ভেসে গেছে ২’হাজার একর মৎস্য ঘের, ৮’শ হেক্টর রোপা আমন ফসল ক্ষেত। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা। স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়ে উপজেলার ৪০ টি’র ও বেশি শিক্ষা প্রতিষ্ঠান পানি বন্দি হয়ে পড়েছে। এতে শিক্ষা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান মাঠ ও শ্রেণি কক্ষ তলিয়ে যাওয়ায় জোড়া তালি দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ।
শিক্ষকরা জানালেন, জলাবদ্ধ এলাকায় উপস্থিতির হার অনেকটা হ্রাস পেয়েছে। তবুও সমাপনী ও এসএসসি পরীক্ষার কথা চিন্তা করে শিক্ষকরা পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছে। পানি বন্দি স্কুল গুলোর মধ্যে ২০ টির অধিক প্রাথমিক বিদ্যালয় ও ১৩ টির অধিক মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা রয়েছে। তালা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজমণি জানালেন, জলাবদ্ধ রাঢ়ীপাড়া, খরাইল, বলরামপুর, দক্ষিণ ঘোনা, রাজনগর, গঙ্গারামপুর, কাজীরডাঙ্গা, খলিলনগর সহ ১৫ টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিকল্পভাবে পাঠদান অব্যাহত রাখা হয়েছে। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়, তালা মহিলা মাদরাসা, শহীদ কামেল মাধ্যমিক বিদ্যালয়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, দেওয়ানীপাড়া মাদরাসা সহ ১৩ টি প্রতিষ্ঠান জলাবদ্ধতার কবলে পড়ে পাঠদান প্রায় বন্ধ হয়ে গেছে। তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, বন্যার পানিতে উপজেলায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জলাবদ্ধতার কবলে পড়ার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। জরুরী ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। অনেক এলাকার লোকজন বাড়ি ছাড়তে শুরু করেছে।





