তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে দক্ষ মানবসম্পদে রূপান্তর হতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে দক্ষ মানবসম্পদে রূপান্তর হতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ঢাকা: দেশ ও জাতির সার্বিক অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে নিরপেক্ষ ও প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত নিষ্ঠার সাথে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে।

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল অডিটোরিয়ামে দিনাজপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সংঘ (পুনর্ভবা) কর্তৃক আয়োজিত নবীনবরণ ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের আন্তর্জাতিক দক্ষতা অর্জনের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, নিজ নিজ পাঠ্য বিষয়ে গভীর মৌলিক জ্ঞান অর্জনের পাশাপাশি একাধিক ভাষায় পারদর্শিতা অর্জন করা আবশ্যক। মাতৃভাষা বাংলা ও আন্তর্জাতিক ভাষা ইংরেজির বাইরে জাপানিজ, কোরিয়ান, মান্দারিন, আরবি কিংবা স্প্যানিশের মতো চাহিদাসম্পন্ন কোনো একটি তৃতীয় ভাষা শেখার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর দিনাজপুর জেলা থেকে মোট ৮৫ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তির সুযোগ পেয়েছেন। নবীনদের স্বাগত জানিয়ে মন্ত্রী আশ্বস্ত করেন, অর্থাভাবের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। সরকারি সহায়তার পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সুহৃদ ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত দিনাজপুরের নবীন শিক্ষার্থীদের বরনের পাশাপাশি অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনের উপস্থিতিতে অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পুনর্ভবা’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।