জাজিরায় মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতি নিয়ে বিতর্ক থাকায় কার্যক্রম স্থগিত

শরীয়তপুর প্রতিনিধি ॥ জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতি নিয়ে বিতর্ক থাকায় মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম হয়নি। ৭ সদস্যের মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়াকে সভাপতি করায় এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বর্তমান কমান্ডার মুক্তিযোদ্ধা এম.এ ছাত্তার খানকে প্রতিনিধি সদস্য করায় অন্য সদস্যরা উপস্থিত না হওয়ায় বাছাই কার্যক্রম স্থগিত হয়।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা থেকে মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। সাত সদস্য বিশিষ্ট বাছাই কমিটির সভাপতি জেলা মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া ও সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমতউল্লাহ উপস্থিত ছিলেন। অপর সদস্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি সদস্য সেকেন্দার আলী, জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা এম.এ ছাত্তার খান, জাজিরা উপজেলা কমান্ডার সামসুল হক খান, মুবিম এর প্রতিনিধি সদস্য বিএম এমদাদ হোসেন, জামুকা প্রতিনিধি সদস্য স.ম.আ মালেক উপস্থিত ছিলেন না। এ কারণে মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম স্থগিত করা হয়।

মুক্তিযোদ্ধা দাবিদার এসএম খলিলুর রহমান, আনছার আলী শেখ, আবদুল লতিফ মোড়ল, আব্দুল জলিল মিয়া, ফজলুল হক, মাহবুব হোসেন, মো. আবুল বাশার মিয়া সহ অনেকে বলেন, আমরা মুজিব বাহিনীতে ছিলাম। মুকিযুদ্ধে অংশ নেয়ার জন্য আমরা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছি। মুক্তিযুদ্ধে অংশ নেয়া আগেই দেশ স্বাধীন হয়ে গেছে। তাই আমরা যুদ্ধে অংশ নিতে পারিনি। কিন্তু আমরা যুদ্ধে যাওয়ার জন্য দেশ ছেড়েছিলাম। এখন মুক্তিযোদ্ধার তালিকায় আমাদের নাম নাই। আমরা এখন মুক্তিযোদ্ধার স্বীকৃতি চাই। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়ে মরতে চাই। আমাদের আর কোন দাবি নাই। আমরা যাতে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়ে মরতে পারি এটাই সরকারের কাছে আমাদের দাবি।

বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমতউল্লাহ বলেন, ৭ সদস্যের বাছাই কমিটির ৫ সদস্য উপস্থিত না থাকায় কোরাম গঠন করা সম্ভব হয়নি। তাই বাছাই কার্যক্রম স্থগিত হয়ে গেছে। এটা আমি মন্ত্রণালয়ে টিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে। কি কারণে বাছাই কমিটির ৫ সদস্য উপস্থিত হননি তা বলতে পারবো না। সম্ভবত তাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।