দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১২ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জনগণ যাদের পক্ষে রায় দেবেন, আগামী পাঁচ বছরের জন্য তাদের হাতেই থাকবে বাংলাদেশের শাসনভার। এ নির্বাচনে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন বেশ কয়েকজন মনোনীত প্রার্থীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে কেউ-কেউ শেষ পর্যন্ত নির্বাচনে পরাজয়ও বরণ করতে পারেন। নির্বাচনের মাঠে কোথায় কেমন প্রতিযোগিতা
এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।
এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।
প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে পারে ১২৩টি আসনে
• ঢাকা বিভাগের ৭০ আসনের মধ্যে ৩১টিতে
• চট্টগ্রাম বিভাগের ৫৮ আসনের মধ্যে ১৯টিতে
• রংপুর বিভাগের ৩৩ আসনের মধ্যে ১৫টিতে
• রাজশাহী বিভাগের ৩৯ আসনের মধ্যে ১৯টিতে
• বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে ১৩টিতে
• সিলেট বিভাগের ১৯ আসনের ৯টিতে
• ময়মনসিংহ বিভাগের ২৪ আসনের মধ্যে ৯টিতে
• খুলনা বিভাগের ৩৬ আসনের মধ্যে ৮টিতে
নির্বাচনে অংশ নিয়েছে যেসব রাজনৈতিক দল
আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলীম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি।
ঢাকা বিভাগ : তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৩১ আসনে
ঢাকা-৪ আসনে এবার প্রার্থী হয়েছেন ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে জয়ী সংসদ সদস্য সানজিদা খানম। তার বিপরীতে প্রার্থী হয়েছেন ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় পার্টি থেকে জয়ী সংসদ সদস্য আবু হোসেন বাবলা। এ ছাড়া এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ড. মো. আওলাদ হোসেন। তাই এখানে লড়াই হবে ত্রিমুখী। এখানে মোট প্রার্থী সংখ্যা ১১ জন।
ঢাকা-১৮ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নেই। প্রথমবারের মত জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদেরেন স্ত্রী শেরিফা কাদের। কিন্তু এখানে শক্ত স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী। এ ছাড়া এই আসনে তৃণমূল বিএনপি, বিএনএফসহ আরও ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর সঙ্গে শেরিফা কাদেরের তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
ঢাকা-১৯ আসনে নৌকার প্রার্থী দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ জং)। এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে।
গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসানের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম।
গাজীপুর-৩ আসনের ২বারের সাবেক এমপি ও মন্ত্রী মো. রহমত আলীর সন্তান রুমানা আলী এবার নৌকার প্রার্থী। আগেরবারের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্তিশালী। এখানে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ লড়াই খুব জমবে।
নারায়ণগঞ্জ-২ আসনে এবার নৌকার প্রার্থী হয়েছেন তিনবারের জয়ী সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম বাবু। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আরেক সাবেক ছাত্রনেতা আলমগীর শিকদার লোটন। লোটনের বাবা একসময় এই আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া এই আসনে প্রার্থী হয়েছে সাবেক বিএনপি নেতা কে এম আবু হানিফ হৃদয়। তিনি তৃণমূল বিএনপির প্রার্থী। সবমিলিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে।
নারায়ণগঞ্জ-৩ আসনটি জেলার সোনারগাঁও উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন কায়সার হাসনাত। তার বিপরীতে আছেন গত দুইবার জাতীয় পার্টি থেকে জয়ী সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এই আসনে বিকল্প ধারা বাংলাদেশ এবং বিএনএমসহ বর্তমানে মোট প্রার্থী সংখ্যা ৯ জন। এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস রয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনটি নারায়ণগঞ্জ ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত। এই আসনে এবার প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। জাতীয় পার্টির প্রার্থী শেষদিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখানে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট আলী হোসেন।
নারায়ণগঞ্জ-৫ আসনটি জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলা ও বন্দর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন সেলিম ওসমান। এখানে লড়াই হবে মূলত জাতীয় পার্টি এবং তৃণমূল বিএনপির মধ্যে।
নরসিংদী-৪ আসনে (বেলাব- মনোহরদী) আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মনোহরদী উপজেলা পরিষদের পাঁচবারের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান।
ফরিদপুর-২ আসনটি প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর। তার সন্তান রানিং এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু এবারও নৌকার মাঝি। আর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।
ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের শক্ত প্রতিদ্বন্দ্বি হচ্ছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ। শামীম হক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও এ. কে. আজাদ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য।
ফরিদপুর-৪ আসনে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) দুইবার স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। দু’বারই তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে হারিয়েছেন। এবারও তার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জাফর উল্যাহকে।
মানিকগঞ্জ-২ আসন থেকে টানা তৃতীয়বারের মতো নির্বাচন করতে যাচ্ছেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। যেখানে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্বতন্ত্র প্রার্থী দুই ভাই দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সঙ্গে।
টাঙ্গাইল-২ আসনটি ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের, আগেও ছিলো। এমপি তানভীর হাসান (ছোট মনির) এবারো নৌকার প্রার্থী। তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলবেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।
টাঙ্গাইল-৩ আসনটিতে নৌকার নতুন মাঝি ডা. কামরুল হাসান খান। আওয়ামী লীগেরই নেতা আমানুর রহমান খান রানা স্বতন্ত্র প্রার্থী। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে দুজনের মধ্যে।
টাঙ্গাইল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মোজাহেরুল ইসলাম তালুকদার। এই আসনে স্বতন্ত্র হিসেবে লড়ছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
টাঙ্গাইল-৫ আসনে নৌকার প্রার্থী মামুনুর রশিদ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আহসান হাবিব।
টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটু। তার প্রতিপক্ষ তৃণমূলের হয়ে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ।
টাঙ্গাইল-৭ আসনটি ২০০১ সাল থেকে নিজের করে রাখায় এখানে শক্ত অবস্থানে আছে আওয়ামী লীগ। বর্তমান এমপি খান আহমেদ শুভ নৌকার প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর অবস্থানও শক্তিশালী। তাদের মধ্যে তুমুল ভোটের লড়াই দেখা যাবে।
টাঙ্গাইল-৮ আসনটি কাদের সিদ্দিকীর। এই আসনে নৌকার টিকেটধারী অনুপম শাহজাহান জয়কে ভালোই লড়তে হবে। এই আসনে ভোটার উপস্থিতি বেশি হওয়ার সম্ভাবনা আছে।
চট্টগ্রাম বিভাগ : তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ১৯ আসনে
চট্টগ্রাম-২ ফটিকছড়ি উপজেলা নিয়ে গঠিত এই আসনে লড়াই হবে ত্রিমুখী। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বিএসপি থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ। এর বাইরে আরও পাঁচ জন প্রার্থী থাকলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে খাদিজাতুল আনোয়ার ও সাইফুদ্দিনের মধ্যে।
চট্টগ্রাম-৫ আসনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ ও ২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। এই আসনে আনিসুলের বড় বাধা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান চৌধুরী। এই দুই জনের মধ্যেই মূল লড়াই হবে।
চট্টগ্রাম-৮ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে লড়াই করছেন সোলায়মান আলম শেঠ। তার বিপরীতে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত আবদুচ ছালাম। এই আসনে আরেকজন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিজয় কুমার চৌধুরী। সাবেক এই ওয়ার্ড কাউন্সিলরের পক্ষে মাঠে নেমেছেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির। মূল লড়াইয়ে আছেন আবদুচ ছালাম, বিজয় কুমার সোলায়মান শেঠ।
চট্টগ্রাম-১০ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে শক্তিশালী প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। এই আসনে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন মহিউদ্দিন বাচ্চু। এর বাইরে প্রার্থী আছেন আরও সাতজন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মনজুর ও বাচ্চুর মধ্যে। এরমধ্যেও মনজুর অনেক এগিয়ে আছেন ভোটের মাঠে।
চট্টগ্রাম-১২ পটিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে নৌকার প্রার্থী হচ্ছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত সামশুল হক চৌধুরী। এ ছাড়া আরও পাঁচজন প্রার্থী আছেন এই আসনে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মোতাহেরুল ও সামশুল হকের মধ্যে।
চট্টগ্রাম-১৫ লোহাগড়া উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কেউচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পূরানগড় ও খাগরিয়া ব্যতীত এলাকা নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আবু রেজা মো. নেজামউদ্দিন নদভী। এ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আবদুল মোতালেব। আরও তিনজন প্রার্থী থাকলে প্রতিদ্বন্দ্বিতায় আছেন নদভী ও মোতালেব।
ব্রাহ্মণবাড়ীয়া-২ (আশুগঞ্জ ও সরাইল) উপজেলা নিয়ে গঠিত এই আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নেই। আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। লাঙ্গল প্রতীক জোটের প্রার্থী হিসেবে আছেন রেজাউল ইসলাম ভূঁইয়া। আওয়ামী লগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মঈন উদ্দিন মঈন। এ ছাড়া জাতীয় পার্র্টির মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধাও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী মঈনের সঙ্গে জাতীয় পার্টির রেজাউল ইসলামের।
ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনে বর্তমান সংসদ সদস্য র.আ.ম.উবায়দুল মোক্তাদির চৌধুরী আবারও নৌকার প্রার্থী। এই আসনে লায়ন ফিরোজুর রহমান ওলিও শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মুক্তাদির ও ফিরোজের মধ্যে।
কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহার। এই আসনে স্বতন্ত্র নির্বাচন করছেন একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা। এই দুইজনের মধ্যে ভালো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নৌকার প্রার্থী সাবেক রেল পথ মন্ত্রী মুজিবুল হক। এই আসনে আরও ৬ জন প্রার্থী আছেন। তবে আলোচনায় আছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান। চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক এই মেয়র ছিলেন মুজিবুল হকের ডান হাত। তবে এই আসনে প্রথমে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে।
নোয়াখালী-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এই আসনে স্বতন্ত্র নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। এই দুইজনের প্রতিদ্বন্দ্বিতা হবে।
রংপুর বিভাগ : তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ১৫ আসনে
রংপুর-২ জাতীয় পার্টির অতীতের শক্ত ঘাঁটি। স্বাধীনতার পরের সময়ে এবং ২০১৪ সাল থেকে এখানে আওয়ামী লীগও শক্তিশালী। নৌকার প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক এবং লাঙলের প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডলের মধ্যে শক্ত লড়াই হবে।
রংপুর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী মন্ত্রী টিপু মুন্সির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের। ভোটার উপস্থিতিও বেশি হবে।
রংপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের সারথে জাতীয় পার্টির আনিসুর রহমানের তীব্র লড়াই হবে। এই আসনে ভোটারদের উপস্থিতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গাইবান্ধা-৩ আসনে ২০১৪ সাল থেকে আওয়ামী লীগের আধিপত্য। রানিং এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবারও নৌকার শক্তিশালী কান্ডারি। আসনটিতে আওয়ামীপন্থী সতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মফিজুল হক সরকার এবং সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লবও আছেন।
গাইবান্ধা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়মী লীগের সদস্য আবুল কালাম আজাদ। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর।
গাইবান্ধা-৫ আসনটি ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের অধিকারে। এখানে নৌকার মাঝি বর্তমান এমপি মাহমুদ হাসান রিপন। এ ছাড়াও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বুবলীও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টির প্রার্থী মো. আতাউর রহমান সরকারও দলের পুরনো আসন ফিরে পেতে তৎপর হবেন। ফলে এই আসনে জোরালো প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা আছে।
নীলফামারী-৩ আসনটিতে জামায়াত ইসলামির শক্ত তৎপরতা আছে। এখানে রানিং এমপি জাতীয় পার্টির মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলকে মহাজোট প্রার্থী করা হয়েছে। জাতীয় পার্টির কাজী ফারুক কাদেরও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। জেলা যুবলীগের সাবেক সহসভাপতি মার্জিয়া সুলতানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন।
রাজশাহী বিভাগ : তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ১৯ আসনে
রাজশাহী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ। নৌকার প্রতিপক্ষ শক্ত প্রার্থী বিএনএম থেকে লড়ছেন এ কে এম মতিউর রহমান মন্টু। দু’জনের মধ্যে তীব্র লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে সরকারদলীয় প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য এনামুল হক। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তিনবার জয়ী সংসদ সদস্য।
রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তার শক্ত প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রায়হানুল হক ঠান্ডু। রায়হানুল আলম ঠান্ডু নৌকার প্রার্থী শাহরিয়ার আলমের তীব্র লড়াই হবে। ভোটার উপস্থিতি বাড়বে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওদুদ। তার প্রতিপক্ষ বিএনএমের হয়ে নির্বাচন অংশ নেওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আবদুল মতিন।
নাটোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সিংড়া উপজেলা পরিষদের সম্প্রতি পদত্যাগ করা চেয়ারম্যান শফিকুল ইসলাম।
নাটোর-৪ আসনে নৌকার প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভনের তীব্র লড়াই হবে। শোভনের পিতা ছয়বারের নৌকার সংসদ আব্দুল কুদ্দুসের (সাড়ে ৩ মাস আগে মারা গেছেন) ছেলে।
নওগাঁ-৩ আসনে নৌকার প্রার্থী সাবেক আমলা সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী সাথে স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের তীব্র লড়াই হবে।
নওগাঁ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোরশেদ বাবু। স্বতন্ত্র প্রার্থী হিসেব লড়ছেন এস এম ব্রহানী সুলতান মাহমুদ এবং ইমাজ উদ্দিন প্রামাণিক। এই আসনে নাহিদ মোরশেদ বাবু-সুলতান মাহমুদ ও ইমাজ প্রামাণিকের মধ্যে প্রতিযোগীতা হবে।
বগুড়া-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নাহ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম। নির্বাচনে জাতীয় পার্টির জিন্নাহ ও স্বতন্ত্র বিউটির প্রতিদ্বন্দ্বতা হবে।
বগুড়া-৪ আসনে মহাজোটের প্রার্থী নৌকা প্রতীকে লড়ছেন রেজাউল করিম তানসেন। স্বতন্ত্র প্রার্থী হয়েছে ডা. জিয়াউল হক মোল্লা। আর বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল আলম (হিরো আলম)। এই আসনে এই প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। ভোটার উপস্থিতিও বেশি হবে।
বগুড়া-৭ আসন বিএনপি-জামায়াতের ঘাঁটি। এটি খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. মোস্তফা আলম নান্নু। জাতীয় প্রার্টি থেকে নির্বাচন করছেন এ টি এম আমিনুল ইসলাম পিন্টু। তবে নান্নুর সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে পিন্টুর।
পাবনা-২ আসনে আওয়ামী লীগের অবস্থান শক্ত। ২০০৮ সাল থেকে টানা ক্ষমতায় আছে দলটি। বর্তমান এমপি আহমেদ ফিরোজ কবির আবারও আওয়ামী লীগকে জেতানোর দায়িত্ব পেয়েছেন। তার পূর্বসুরি খন্দকার আজিজুল হক আরজুও প্রার্থী হয়েছেন। দুই প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
বরিশাল বিভাগ : তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ১৩ আসনে
বরিশাল ৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ। এই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সেচ্ছাসেবকলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ দেবনাথ। এ ছাড়া জাতীয় পার্টির নেতা মিজানুর রহমানও লড়ছেন এই আসনে। শাম্মী আহমেদ ও পঙ্কজ দেবনাথের মধ্যে মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী বরিশালের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ আরেক স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিনও (রিপন) শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী।
বরিশাল-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক। জাতীয় পার্টির শক্ত প্রার্থী নাসরিন জাহান রত্মা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে শামসুল আলম চুন্নু। আবদুল হাফিজ মল্লিক এবং নাসরিন জাহান রত্মার তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে।
পিরোজপুর-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা মাশরেকুল আজম রবি। এই আসনে স্বতন্ত্র প্রার্থী একই দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চারবারের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। এই দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
বরগুনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদিরা জাতীয় পার্টির মিজানুর রহমানের সাথে তার কিছুটা প্রতিদ্বন্দ্বতা হতে পারে। এই আসনে বিএনএমের প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুর রহমান।
পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহিববুর রহমান। সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার এই আসনে স্বতন্ত্র প্রার্থী। নৌকার মহিববুর আর স্বতন্ত্র মাহবুবুর রহমানের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
সিলেট বিভাগ : তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৯ আসনে
সিলেট-৩ নির্বাচনী এলাকাটি সুরমা-কুশিয়ারা বিধৌত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান নৌকা প্রতীক নিয়ে আবারও আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন। নৌকার আরেক বড় দাবিদার ডা. ইহতেশামুল হক চৌধুরী (দুলাল) দলীয় মনোয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এর বাইরে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে প্রার্থী হয়েছেন আতিকুর রহমান আতিক। ত্রিমুখি লড়াই হবে এই আসনে।
সিলেট-৫ আসনে নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমেদ। তার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ড. আহমদ আল কবির এবং স্বতন্ত্র প্রার্থী ফুলতলী পীরের ছেলে আঞ্জুমান ইসলামের মাওলানা হুছাম উদ্দিন চৌধুরীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে।
সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী সরোয়ার হোসেন। ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা।
হবিগঞ্জ-৪ আসনে নৌকা প্রার্থী প্রতিমন্ত্রী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী) অ্যাডভোকেট মো. মাহবুব আলীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. মুহাম্মদ সাদিক। তার সাথে ত্রিমুখী লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমন এবং জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিজবাহ।
ময়মনসিংহ বিভাগ : তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৯ আসনে
ময়মনসিংহ- ৩ আসনে আওয়ামীলীগের নিলুফার আনজুম পপি। তার বিপরীতে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন আওয়ামীপন্থী সোমনাথ সাহা। এই এলাকা বরাবরই আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত। এখানে গত দুদিন আগে সরাসরি অর্থ বিতরণের ভিডিও প্রকাশ পায় সোমনাথ সাহার বিরুদ্ধে। এরপর লড়াইয়ের সম্ভাবনা একটু কম মনে হলেও প্রার্থীদ্বয়ের মধ্যে তুমুল লড়াই হতে পারে।
ময়মনসিংহ- ৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী মোহিত উর রহমান শান্ত। ময়মনসিংহের আওয়ামী লীগ রাজনীতির বটবৃক্ষ ও সিংহপুরুষ হিসেবে আখ্যায়িত করা হয় সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমানকে। বর্ষীয়ান এ নেতা চলতি বছরের আগস্টে মৃত্যুবরণ করেন। তার বিপরীতে আমিনুল হক শামীমের তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এখানে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসে দুলুরও কিছু ভোটব্যাংক থাকায় তৃপক্ষীয় লড়াইয়ে ব্যাপার আছে।
জামালপুর-৪ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল (আওয়ামী লীগ) আওয়ামী লীগের প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের তুমূল লড়াই হবে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে মাঠে শক্ত অবস্থান নিয়ে স্বক্রিয় থাকবেন মো. আবুল কালাম আজাদ (জাতীয় পার্টি) তারিখ মাহদী (বিএনএফ), মো. সাইফুল ইসলাম টুকন (তৃণমূল বিএনপি)। এখানে ভোটবাক্সে লড়াই যেমন হবে ঠিক তেমনই সংঘর্ষের শঙ্কাও আছে।
নেত্রকোনা-২ আসনে নৌকার আশরাফুল আলী খান খসরু সাথে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আরিফ খান জয়ের। ভোটার উপস্থিতির সম্ভাবনাও বেশি।
নেত্রকোনা-৩ আওয়ামী লীগের অসীম কুমার উকিলের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর।
নেত্রকোনা- ৫ আসনে আওয়ামীলীগের আহমদ হোসেন এর সঙ্গে শক্ত প্রার্থী হিসেবে আছেন স্বতন্ত্র প্রর্থী ড. আনোয়ার হোসেন। কর্ণেল তাহেরের ভাই হিসেবে তার একটা ভোটব্যাংক আছে। এ ছাড়া আছেন জাতীয়পার্টির ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ ও তৃণমূল বিএনপির আবদুল ওয়াহাব।
খুলনা বিভাগ : তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৮ আসনে
মেহেরপুর-২ আসনে নৌকার প্রার্থী ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। এই আসনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন। তিনি বীর মুক্তিযোদ্ধা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। সাগর এবং মকবুলের মধ্যে হবে তুমূল প্রতিদ্বন্দ্বিতা। এই আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল গণি।
যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নওয়াপাড়ার সাবেক পৌর মেয়র এনামুল হকের বাবুল। বর্তমান সংসদ সদস্য রনজিৎ কুমার রায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বাবুলের সাথে রনজিতের ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে।
ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। তিনি মুক্তিযুদ্ধের ‘চার খলিফার একজন’ নূরে আলম সিদ্দিকীর ছেলে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস ও জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তাহজীব সিদ্দিকী ও মহুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।
যেসব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন ১৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৩ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রী রয়েছেন। তাদের মধ্যে ৩ জন বাদে সবাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এবার মনোনয়ন পাননি- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
বিএনপির ৩৩ হেভিওয়েট নেতা নির্বাচনে :
বিএনপির সাবেক পাঁচজন সংসদ সদস্য। এ ছাড়া দলের চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান এবং নির্বাহী কমিটির একাধিক সদস্যও আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বিএনপি নেতারা নির্বাচনে
• বিএনপি ছেড়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন একজন।
• বিএনপি নির্দেশ অমান্য করে ১৩ জন স্বতন্ত্র প্রার্থী।
• বিএনপি ছেড়ে তৃণমূল বিএনপির হয়ে প্রার্থী হয়েছেন ১৩ জন।
• বিএনপি ছেড়ে বিএনএমে গিয়ে নির্বাচনে লড়ছেন ৬ জন।
বিএনপি থেকে ১জন নৌকা প্রতীকে নির্বাচনে
• ঝালকাঠি–১ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর।
বিএনপির ১৩ জন নেতা স্বতন্ত্র প্রার্থী
• কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
• ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান।
• ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক নেতা আবুল কাশেম ফখরুল ।
• টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছে প্রতিদ্বন্দ্বিতা করছেনন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আহসান হাবিব।
• বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জিয়াউল হক মোল্লা।
• বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) লড়ছেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ শোকরানা।
• বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক মহিলাবিষয়ক সম্পাদক বিউটি বেগম।
• বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে প্রার্থী হয়েছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল।
• ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ শহীদ সারোয়ারও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ২
• ময়মনসিংহ-৪ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান।
• টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
• কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি
• জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন উপজেলা বিএনপির সদস্য মাহাবুবুল হাসান।
বিএনপি থেকে তৃণমূল বিএনপি হয়ে ১৩ জন নির্বাচনে
• সিলেট-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী।
• নারায়ণগঞ্জ-১ আসনে লড়ছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।
• মৌলভীবাজার-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
• ঝিনাইদহ-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন আহমেদ।
• মেহেরপুর-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল গণি।
• চট্টগ্রাম-৫ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন।
• চুয়াডাঙ্গা-১ তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সহসভাপতি তাইজাল হক।
• ঠাকুরগাঁও-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোজাফফর আহমেদ।
• চাঁদপুর-৪ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি আবদুল কাদির তালুকদার।
• গাজীপুর-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী লড়ছেন গাজীপুর মহানগর বিএনপির নেতা জব্বার সরকার।
• পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আজিজ।
• শেরপুর-২ আসন থেকে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন শেরপুর জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মো. জায়েদুর রশীদ।
• টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে তৃণমূলের হয়ে নির্বাচন করছেন উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ।
বিএনপির থেকে বিএনএমে গিয়ে ৬জন নির্বাচনে
• ফরিদপুর-১ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর।
• বরগুনা-২ আসনের নির্বাচনে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুর রহমান।
• সুনামগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন।
• রাজশাহী–৩ আসনে বিএনএমের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান।
• চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনএমের হয়ে নির্বাচন করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আবদুল মতিন।
• শেরপুর-১ আসনে বিএনএম থেকে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আবদুল্লাহ।
বর্তমান ১৭ এমপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী
বর্তমান সংসদে থাকা আওয়ামী লীগের ৭৭ জন সদস্য এবার দলীয় মনোনয়ন হারিয়েছেন। এর মধ্যে ৬০ জন ভোটের লড়াইয়ে নেই। দলের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ১৭ জন বর্তমান সংসদ সদস্য।
এদিকে, বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবোরধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।